২১ আশ্বিন ১৪৩৩ , অক্টোবর ৭, ২০২৬

প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো সৌদি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২:৪৫, ৭ অক্টোবর ২০২৬

প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো সৌদি

ছবি: সংগৃহীত

সৌদি আরবে বসবাস ও কাজের ক্ষেত্রে প্রবাসীদের জন্য নতুন সুযোগ দিয়েছে দেশটির সরকার। এখন থেকে অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীরা নিজেদের কাজের ভিসার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই যোগ্য পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার প্রক্রিয়া শুরু করতে পারবেন।

নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নিয়ে আসার সুযোগ পাবেন।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর ফলে অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া আগের তুলনায় সহজ হবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নতুন এই ব্যবস্থা চালু করা হয়েছে। এর উদ্দেশ্য সৌদি আরবে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া সহজ করা।

নতুন ব্যবস্থার আওতায় পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসা বিদেশি কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলাকালীনই দেওয়া যেতে পারে। তবে এ ক্ষেত্রে আবেদনের জন্য নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।

অর্থাৎ, পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার প্রক্রিয়া শুরু করতে বিদেশি কর্মীকে নিজের ওয়ার্ক ভিসা সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রবাসী কর্মীদের পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতিপত্র দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

নতুন এই উদ্যোগের ফলে সৌদিতে কর্মরত অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবারকে সঙ্গে নিয়ে বসবাসের সুযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন