৩০ কার্তিক ১৪৩৩, নভেম্বর ১৬, ২০২৬

কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে

অনলাইল ডেস্ক

প্রকাশ: ১৯:৫১, ১৫ নভেম্বর ২০২৬

কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে

ছবিঃ সংগৃহীত

একটি দুটি নয়, তার লেখা কালজয়ী গানের তালিকাও দীর্ঘ। দেশের ইতিহাসে অন্যতম সফল ও নন্দিত গীতিকার তিনি। পেয়েছেন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার। সেই কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান এখন ভালো নেই। অসুস্থতার সঙ্গে লড়ছেন হাসপাতালে।

অনেকদিন ধরেই অসুস্থ তিনি। তবে সম্প্রতি অবস্থা আরো নাজুক হয়ে গেছে। তাই শনিবার (১৪ নভেম্বর) রাতে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমকে খবরটি জানিয়েছেন তার স্ত্রী জিন্নাত আরা জামান।

তিনি বলেন, ‘ওনার (রফিকউজ্জামান) অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কিছু মনে রাখতে পারেন না। কথা জড়িয়ে যায়। গত পরশু থেকে শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। গতকাল রাতে প্রচণ্ড পেটব্যাথা হচ্ছিল। পরে রাত সাড়ে দশটা এগারোটার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাই।’

দিন কয়েক আগে রফিকউজ্জামানের শরীরের কিছু পরীক্ষা করানো হয়েছে। সেসবের রিপোর্টও ভালো আসেনি বলে জানান স্ত্রী জিন্নাত। চিকিৎসকরা আজ আলোচনা করে আনুষ্ঠানিকভাবে তার অবস্থা জানাবেন। গীতিকবির সুস্থতার জন্য দোয়া চেয়েছেন স্ত্রী।

উল্লেখ্য, ১৯৭৩ সাল থেকে সিনেমার জন্য গান লেখা শুরু মোহাম্মদ রফিকউজ্জামানের। তার কলম থেকেই এসেছে ‘সেই রেললাইনের ধারে মেঠো পদ্মার পারে’, ‘বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম’, ‘আমার মতো এতো সুখী’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘জীবন নামের রেলগাড়িটা’, ‘পদ্ম পাতার পানি নয়’, ‘কিছু কিছু মানুষের জীবনে’, ‘মাঠের সবুজ থেকে সূর্যের লাল’সহ অনেক কালজয়ী গান।

লিখেছেন সিনেমার চিত্রনাট্যও। ১৯৮৪ ও ১৯৮৬ সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে এবং ২০০৮ সালে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। আর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন ২০২৪ সালে।

আরও পড়ুন