২৬ কার্তিক ১৪৩৩, নভেম্বর ১১, ২০২৬

দীর্ঘ বিরতি শেষে প্লেব্যাকে কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ

অনলাইল ডেস্ক

প্রকাশ: ১৯:৩১, ১১ নভেম্বর ২০২৬

দীর্ঘ বিরতি শেষে প্লেব্যাকে কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। তাঁর সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গেয়েছেন দেশের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। এমডি ইকবাল পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা ‘নসীব’ সিনেমার ‘রাজকুমারী’ শিরোনামের গানটিতে শোনা যাবে এই দুই তারকার কণ্ঠ।

গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল। সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন কিশোর দাস। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেন কবির বকুল। ছবিতে কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপাকে রেকর্ডিংয়ে অংশ নিতে দেখা যায়।

কবির বকুলের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর টরন্টোর ‘যন্তর মন্তর’ স্টুডিওতে গানটির কণ্ঠ ধারণ করেন কুমার বিশ্বজিৎ। রেকর্ডিং পরিচালনা করেন সৌমী। এর আগে ৪ নভেম্বর একই স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন কনকচাঁপা।

‘রাজকুমারী’ গানটির মধ্য দিয়ে প্রায় নয় বছর পর চলচ্চিত্রের প্লেব্যাকে ফিরছেন কনকচাঁপা। সর্বশেষ ২০১৮ সালের শুরুর দিকে ছটকু আহমেদ পরিচালিত ‘পাথরের মন’ সিনেমায় প্লেব্যাক করেছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় চলচ্চিত্রের কোনো গানে তাঁর কণ্ঠ শোনা যায়নি।

দীর্ঘ বিরতি ভেঙে কনকচাঁপার এই প্রত্যাবর্তন যেমন তাঁর ভক্তদের জন্য সুখবর, তেমনি কুমার বিশ্বজিতের সঙ্গে তাঁর দ্বৈত পরিবেশনাও বাড়তি আকর্ষণ তৈরি করেছে। সব মিলিয়ে মুক্তির আগেই ‘রাজকুমারী’ গানটি নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

আরও পড়ুন