১১ অগ্রাহায়ণ ১৪৩৩, নভেম্বর ২৬, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২:৫৭, ২৬ নভেম্বর ২০২৬

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ১০৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে যেকোনো প্রয়োজনে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

এতে আরও বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও কার্যক্রমের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায়ও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বাহিনীটি প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন