৮ কার্তিক ১৪৩৩, অক্টোবর ২৪, ২০২৬

নিজ ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২:১৯, ২৩ অক্টোবর ২০২৬

নিজ ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে ডালিয়া আক্তার (৫০) নামের কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের এক নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রসুলপুর বাজার এলাকায় সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার নিজ ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়।

ডালিয়া কার্যক্রম নিষিদ্ধ বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, স্বামী মোহাম্মদ আলীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন তিনি। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তিনি একাই এই ফ্ল্যাটে বসবাস করতেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ডালিয়ার গলায় ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে।

তিনি জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। এ ঘটনায় তদন্ত চলছে।

আরও পড়ুন