অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০:৩৬, ১৮ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
গাজীপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় মহানগরীর ১০টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি এবং ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা ও হারিকেন এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। এর অংশ হিসেবে মঙ্গলবার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় বিক্ষোভ করেন তারা।
এর ধারাবাহিকতায় বুধবার সকালে ছয়দানা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
এদিকে মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলেও তারা মহাসড়কে অবস্থান নেননি বলে জানা গেছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।