অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯:২৬, ২০ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতার শ্বশুরবাড়িতে বেশ কিছুদিন ধরে ভাড়া থাকছিলেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতা। স্থানীয়দের সন্দেহের পর তার পরিচয় প্রকাশ্যে আসে। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় বাসিন্দারা। আটক ওই নেতার বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রয়েছে।
এদিকে এ ঘটনায় বাড়ির মালিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি নেতারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। বাড়িটি পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের শ্বশুর আব্দুর রশিদের।
আটক ব্যক্তির নাম মো. হাবিবুর রহমান। তিনি নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
স্থানীয়রা জানান, হাবিবুর রহমান বেশ কিছুদিন ধরে আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকছিলেন। সম্প্রতি বাড়িটিতে অপরিচিত লোকজনের যাতায়াত বেড়ে যাওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তার পরিচয় ও বিরুদ্ধে মামলার বিষয়টি জানার পর বৃহস্পতিবার রাতে তাকে আটক করেন তারা।
এ সময় উত্তেজিত কয়েকজন তাকে মারধর করেন। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুঠিয়া থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। এরপর নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাজশাহী জেলা যুবদলের সদস্য মাসুদ রানা বলেন, বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে অপরিচিত লোকজনের যাতায়াত লক্ষ করছিলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে সেখানে নাটোরের যুবলীগ নেতা ও একাধিক মামলার আসামি হাবিবুর রহমানের অবস্থানের বিষয়টি জানতে পেরে তাকে আটক করেন তারা।
হাবিবুর রহমানকে আশ্রয় দেওয়ার বিষয়টি তদন্ত করে বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান মাসুদ রানা। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে পলাতক থাকা হাবিবুর রহমান ওই বাড়িতে অবস্থান করলেও বাড়ির মালিকের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি বাড়িটিতে তল্লাশিও চালানো হয়নি।
তবে এ বিষয়ে বাড়ির মালিকের বক্তব্য পাওয়া যায়নি।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা থাকায় তাকে ওই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।