১২ অগ্রাহায়ণ ১৪৩৩, নভেম্বর ২৮, ২০২৬

স্বর্ণের দাম ফের বাড়ল, এবার ভরি কত?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০:৫১, ২৮ নভেম্বর ২০২৬

স্বর্ণের দাম ফের বাড়ল, এবার ভরি কত?

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্য দিয়ে দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রথমবারের মতো ২ লাখ টাকা ছাড়াল।

শনিবার (২৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। এ পরিস্থিতিতে সার্বিক বাজার বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।

বাজুসের নির্দেশনা অনুযায়ী, অলঙ্কার তৈরির ডিজাইনভেদে মজুরি নির্ধারিত হবে। স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অন্যদিকে, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার পরিবর্তনের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো অলঙ্কার কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এসব লেনদেনে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

এর আগে গত ২৭ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা। ওই দাম কার্যকর হয়েছিল ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৭০ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগের বছর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানোর বিপরীতে কমানো হয়েছিল ২৯ বার।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৮০ দফা সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৪৪ দফা কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার। এর মধ্যে ১০ বার দাম বাড়ানো এবং তিনবার কমানো হয়েছিল।

আরও পড়ুন