১১ অগ্রাহায়ণ ১৪৩৩, নভেম্বর ২৭, ২০২৬

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০:০৪, ২৭ নভেম্বর ২০২৬

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

বার্তায় বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। একই সঙ্গে বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে দায়িত্ব পালন করছেন তারা।

এদিকে মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দায়িত্ব পালনে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরাসরি পাওয়া ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম সচল রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বাহিনীটি বদ্ধপরিকর।

আরও পড়ুন