২৬ কার্তিক ১৪৩৩, নভেম্বর ১১, ২০২৬

দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২:০৫, ১১ নভেম্বর ২০২৬

দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা (ভ্যাটসহ)।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় স্বর্ণের মূল্য সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এর মধ্যে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ২১৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমানো হয়েছে।

অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। নতুন তালিকায় ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা বহাল রয়েছে।

আরও পড়ুন