অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯:৫৭, ২২ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
২০৭০ সালে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে পারে পাকিস্তান। জনসংখ্যা বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করতে পারে দেশটি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক পূর্বাভাসে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে। সংস্থাটির হিসাব বলছে, পাকিস্তানে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে দাঁড়াতে পারে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে আগামী ৫০ বছরে বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তন তুলে ধরেছে পিউ রিসার্চ সেন্টার। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ দশকে মুসলিম জনসংখ্যার অধিকাংশ বৃদ্ধি ঘটবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে। ২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। ২০৭০ সাল নাগাদ এসব দেশে মুসলিম জনসংখ্যা আরও ১২০ কোটি বাড়তে পারে। যা বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর সম্ভাব্য মোট বৃদ্ধির প্রায় ৭৪ শতাংশ।
এই জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে জন্মহারের পার্থক্যকে চিহ্নিত করেছে গবেষণা সংস্থাটি। পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, মুসলিম নারীদের গড় সন্তানসংখ্যা ৩ দশমিক ১। অন্যদিকে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫।
গবেষণার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির কারণে বিশ্বে মুসলিম জনগোষ্ঠীতে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যা বাড়তে পারে ৭৯ কোটি ২০ লাখ। এই প্রবণতা অব্যাহত থাকলে একপর্যায়ে বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে।
ভৌগোলিক অঞ্চল বিবেচনায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় মুসলিম জনসংখ্যার আধিপত্য আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০৭০ সালের মধ্যে এ দুই অঞ্চলের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। পাশাপাশি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, এসব হিসাবকে চূড়ান্ত ভবিষ্যদ্বাণী হিসেবে দেখার সুযোগ নেই। ভবিষ্যতের আর্থসামাজিক পরিবর্তন, যুদ্ধ কিংবা প্রাকৃতিক দুর্যোগের মতো নানা বিষয় জনসংখ্যার গতিপ্রকৃতি এবং মানুষের ধর্মীয় পরিচয়ে প্রভাব ফেলতে পারে। ফলে বাস্তবে জনসংখ্যার এই চিত্র পূর্বাভাসের সঙ্গে ভিন্নও হতে পারে।