অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮:৩৪, ২১ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে তাকে হেফাজতে নেওয়া হয়।
রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে শনিবার বিকেলে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও কর্মীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছেন।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, টিপু টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর তাকে ঘিরে রাখে একদল লোক। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। টিপু ‘বৈষম্যবিরোধী আন্দোলনে’ সংঘটিত হত্যা মামলার আসামি।
বিকাল সাড়ে তিনটার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই লাইভ সম্প্রচার করা হয়। এতে একজন সাংবাদিক দাবি করেন, একদল লোক টেলিভিশনটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলার কারণে তারা নিচে নামতে পারছেন না।
পরে বনানী থানা-পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। লাইভে পুলিশ সদস্যদের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।
এ সময় সাংবাদিকেরা তাদের আহত সহকর্মীকে হাসপাতালে পাঠাতে না পারার কথাও জানান। নিরাপত্তার কারণে লাইভে কয়েকজন কর্মীর পরিচয় ও চেহারা প্রকাশ করেননি তারা।
লাইভের শেষ দিকে সাংবাদিকদের একজন বলেন, ‘আমাদের অবস্থা খুবই শোচনীয়। প্লিজ, হেল্প মি। বাঁচান আমাদের, বৈশাখী টেলিভিশনকে বাঁচান।’