১৩ অগ্রাহায়ণ ১৪৩৩, নভেম্বর ২৯, ২০২৬

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত অন্তত ১৭

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯:১৪, ২৮ নভেম্বর ২০২৬

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত অন্তত ১৭

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সংঘাতপূর্ণ একটি এলাকায় বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতির সময় একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। হামলার পর ছয়টি মরদেহের ছবি পাওয়া গেলেও নিহতের সংখ্যা ১৭ বলে দাবি করেছেন ওই ব্যক্তি। আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (২৮ নভেম্বর) শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার একটি গ্রামে এ হামলা চালানো হয়। বাস্তুচ্যুত মানুষের বসতি থাকা ওই অঞ্চলে হামলার পর রক্তাক্ত আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার ভিডিও ধারণ করেন এক প্রত্যক্ষদর্শী। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভিডিও ও ছবিগুলো তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, কাছাকাছি বিমান উড়ে যাওয়ার শব্দ শুনেছিলেন তিনি। তবে ধারণা করেছিলেন, তাদের এলাকায় হামলা চালানো হবে না। পরে বাড়ির ভেতরে যাওয়ার পরই বিস্ফোরণের শব্দ শুনতে পান। বাইরে এসে হামলার স্থানে ধোঁয়া উঠতে দেখেন।

তার মতে, বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের আয়োজন চলছিল যে বাড়িতে, সেখানেই বোমাটি আঘাত হানে। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহায়তার চেষ্টা করেন। সেখানে গিয়ে ১৭টি মরদেহ এবং বহু আহত মানুষ দেখতে পান বলে জানান তিনি।

এদিকে, স্থানীয় অন্য বাসিন্দাদের তোলা ছবিতে ছয়টি আলাদা মরদেহ দেখা গেছে। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। তবে এসব ছবিও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

ঘটনাটি নিয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে মিয়ানমার। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, এরপর থেকে সংঘাতের সব পক্ষের মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

মোয়ে বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শহরের বাইরের গ্রাম ও গ্রামীণ এলাকাগুলোতে বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। এ কারণে অঞ্চলটি দীর্ঘদিন ধরে সংঘাতের মধ্যে রয়েছে।

সূত্র : এনডিটিভি

আরও পড়ুন