অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০:১০, ১ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
একদিনের সফরে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথমবার ফেনী সফর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে সরকারপ্রধানের গাড়িবহর সড়ক পথে যাত্রা করে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সফর ঘিরে স্থানীয়দের প্রত্যাশাও তুঙ্গে। বাঁধ নির্মাণ ও মেডিকেল কলেজ স্থাপনসহ বেশ কিছু দাবি তুলে ধরতে চান তারা।
বাঁধ নির্মাণ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবি তুলে স্থানীয়রা জানান, এখানে বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়, যেটাই হোক; যেহেতু খালেদা জিয়ার জন্মস্থান এখানে, এটা আমাদের দাবি। আমরা চাই, বরাদ্দ যে দেড় হাজার কোটি টাকা হয়েছে, এই দেড় হাজার কোটি টাকা যেন সেনাবাহিনীর মাধ্যমে এই বাঁধটা স্থায়ীভাবে মেরামত করা হয়।
সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।
এরপর বেলা ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা দেড়টায় কলেজ প্রাঙ্গণে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
বেলা ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
দিনের পরবর্তী কর্মসূচিতে বেলা ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়বেন প্রধানমন্ত্রী। রাত ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।