অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯:৩৫, ৬ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (আমুসু) ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী সহসভাপতি নির্বাচিত হয়েছেন নাশরা নাঈম। আট বছর বিরতির পর অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে বড় সাফল্য পেয়েছেন নারী প্রার্থীরা। ১৩টি পদের মধ্যে ছয়টিতেই জয় পেয়েছেন তারা।
শুক্রবার (৬ নভেম্বর) নির্বাচনের ফল ঘোষণা করা হয়। সহসভাপতি পদে নাশরা নাঈম পেয়েছেন ৭ হাজার ৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৮১৮ ভোট। ফলে ১ হাজার ২৭৩ ভোটের ব্যবধানে জয়ী হন নাশরা।
এ ছাড়া সংসদের ১০টি ক্যাবিনেট সদস্যপদের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছেন নারী প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে এটিকে নতুন রেকর্ড হিসেবে দেখা হচ্ছে।
সভাপতি পদে ৪ হাজার ১০০ ভোটের বেশি ব্যবধানে জয় পেয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ। আর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হামদান।
আমুসু ও বিশ্ববিদ্যালয় কোর্ট নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জাভেদ তালিব এবং উইমেন্স কলেজ ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাজিয়া হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন।
দীর্ঘ আট বছরের বিরতির পর এবার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচন আয়োজনের দাবিতে গত তিন বছর ধরে ধারাবাহিক আন্দোলন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষক বলেন, চলমান জেনারেশন জেডের আন্দোলনের প্রভাবও এবারের নির্বাচনে পড়েছে। আগের বছরগুলোতে নির্বাচনী প্রচারে ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা গুরুত্ব পেলেও এবার মুসলমানদের সংশ্লিষ্ট বিষয়সহ বৃহত্তর জাতীয় ইস্যুগুলো আলোচনায় এসেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়াকে প্রতিষ্ঠানের উচ্চ গণতান্ত্রিক ঐতিহ্যের বিজয় বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে নির্বাচনে নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধি পাওয়াকে স্বাগত জানিয়ে নারী ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন তিনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনী প্রচার থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।