১৭ কার্তিক ১৪৩৩, নভেম্বর ২, ২০২৬

শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইল ডেস্ক

প্রকাশ: ১৮:৪৪, ২ নভেম্বর ২০২৬

শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

দেশের রপ্তানি আয় বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের কল্যাণ এবং জীবিকা রক্ষায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তৈরি পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, কোনো শিল্প-কারখানা যেন এক মুহূর্তের জন্যও বন্ধ না থাকে এবং কোনো শ্রমিক যেন কর্মহীন হয়ে না পড়েন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সকালে পোশাকশিল্পের মালিকপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আজ বিকেলে শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হবে। তাদের মতামত পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, শ্রমিক সংগঠনগুলোর দাবি এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি তিন বছর অন্তর শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েক সপ্তাহ আগেই এ প্রক্রিয়া শুরু হয়। মালিকপক্ষ তাদের প্রতিনিধির নাম দিলেও শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম পেতে কয়েক দিন সময় লেগেছে। গত ৩১ অক্টোবর রাতে শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম পাওয়ার পর রোববার (১ নভেম্বর) শ্রম মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে মজুরি বোর্ড গঠন করে।

সালাহউদ্দিন আহমদ বলেন, শিগগিরই মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করে ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও জীবনমান উন্নয়নের নির্দেশনা দিয়েছেন। বাস্তবতা বিবেচনায় নিয়ে সহানুভূতির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই এ নিয়ে অসন্তোষের কোনো কারণ নেই।

তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের কঠোর হাতে দমন করা হবে। গতকালই কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে। তাদের কর্মকাণ্ডের ভিডিও ফুটেজসহ বিভিন্ন প্রমাণ সংগ্রহ করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন