১৭ কার্তিক ১৪৩৩, নভেম্বর ২, ২০২৬

শিক্ষা ব্যবস্থায় মেধাভিত্তিক মূল্যায়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

অনলাইল ডেস্ক

প্রকাশ: ১৮:৫৫, ২ নভেম্বর ২০২৬

শিক্ষা ব্যবস্থায় মেধাভিত্তিক মূল্যায়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

ছবিঃ সংগৃহীত

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানের উপযোগী করে গড়ে তুলতে এবং স্বজনপ্রীতি ও কৃত্রিমতা পরিহার করে মেধাভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে খাতা মূল্যায়নে আন্ডার-মার্কেটিং ও ওভার-মার্কেটিংয়ের মতো অসংগতি ছিল, যা দূর করে মূল্যায়নে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। সম্প্রতি এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ফেল করা শিক্ষার্থীদের ক্ষেত্রে এক বা দুই বিষয়ে দ্রুত মানোন্নয়ন পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাবর্ষের সময় নষ্ট না হয়।

শিক্ষকদের মানোন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত রূপান্তরের ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও মূল্যায়নের ক্ষেত্রে সব ধরনের স্বজনপ্রীতি বন্ধ করা হবে। সম্পূর্ণ মেধা, দক্ষতা এবং পিরামিড কাঠামোগত ডিজিটাল সফটওয়্যারভিত্তিক প্রক্রিয়ায় শিক্ষকদের মূল্যায়ন নিশ্চিত করা হবে। যাতে করে যোগ্য ও মেধা সম্পন্ন শিক্ষকরা উপযুক্ত স্থানে অধিষ্ঠিত হয়ে শিক্ষা প্রসারে মূল ভূমিকা রাখতে পারেন।

মন্ত্রী বলেন, শিক্ষায় বাজেটের ঘাটতি নেই, বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার করে শ্রেণিকক্ষগুলোতে আধুনিক তথ্যপ্রযুক্তি এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নির্ভর শিক্ষার উপযোগী পরিবেশ তৈরি করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। শিক্ষকদের আধুনিক আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী ড. মিলন আরও বলেন, শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি যুগোপযোগী ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন