অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১:৫৮, ২ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়কে অর্ধশতাধিক যানবাহন ও বিভিন্ন দোকানপাটে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শ্রমিকদের ধাওয়া করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের আন্দোলনের মুখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণহাটি এলাকার আশপাশের শিল্পকারখানাগুলো আবারও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিক্ষোভ ও ভাঙচুরের কারণে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। একই সঙ্গে আশপাশের আবাসিক এলাকাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।