অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫:২৪, ৩ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে দলছুট এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছেন আন্দোলনরত পোশাক শ্রমিকদের কয়েকজন। আহত ওই কনস্টেবলের নাম মো. সাইমন। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুরের কালশী রোডে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে ওই পুলিশ সদস্যকে আঘাত করছেন। এ সময় কয়েকজনকে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টাও করতে দেখা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, মিরপুর-১১ এলাকা থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার পর তারা কালশীর দিকে সরে যান। এ সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। পথে দলছুট অবস্থায় এক কনস্টেবলকে পেয়ে তার ওপর হামলা চালানো হয়।