অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯:১০, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে আগামী মাসে একটি ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। নিতম্বের ইনজুরিতে এই সিরিজ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় তাদের অধিনায়ক সোফি মলিনো।
মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ডব্লিউএনসিএল-এ ভিক্টোরিয়ার স্কোয়াডে ছিলেন না মলিনো। পরের দিন (বুধবার) বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা হওয়ার কথা। ৯, ১১ ও ১৪ অক্টোবর হবে এই তিন ম্যাচ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেছেন, ‘সোফির নিতম্বের সংযোগস্থলে চোট আছে। আসন্ন সিরিজে তার অংশগ্রহণ নিয়ে পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।’
মলিনোর ক্যারিয়ারে এর আগেও ইনজুরির ধাক্কা লেগেছিল। সাম্প্রতিক সময়ে তিনি পিঠের সমস্যায় পড়েন। এই বছরের শুরুতে তার অধিনায়কত্বের সূচনালগ্নে ওই চোট ব্যাঘাত সৃষ্টি করেছিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি কেবল ব্যাটার হিসেবে দলের সঙ্গে গিয়েছিলেন। তারপর সুস্থ হয়ে পূর্ণ অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন এবং দলকে শিরোপা জয়ে নেতৃত্ব দেন।
অক্টোবরে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। মলিনোর খেলা না হলে দুই সহঅধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা ও অ্যাশলে গার্ডনারের মধ্যে একজন নেতৃত্ব দেবেন দলকে।
মলিনো খেলতে না পারায় ওয়েস্ট ইন্ডিজ সফরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ম্যাকগ্রা। কিন্তু পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপে একাদশে জায়গা করে নিতে পারেননি তিনি।
তবে আগস্টে নারী দলের আরেক ক্রিকেটার জর্জিয়া ভোলের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে এলে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরও সহঅধিনায়ক হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডের সমর্থন পেয়েছেন গার্ডনার। ধারণা করা হচ্ছে, তার কাঁধেই পড়তে পারে নেতৃত্ব।