২৬ কার্তিক ১৪৩৩, নভেম্বর ১১, ২০২৬

নেত্রকোণায় শিশু ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪:২২, ১১ নভেম্বর ২০২৬

নেত্রকোণায় শিশু ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৮ অক্টোবর মামলার যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেছিলেন। যুক্তিতর্কের সময় প্রধান আসামি শিক্ষক সাগর নিজের জীবনের সব সম্পত্তি, অর্থাৎ ১২ শতাংশ জমি লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আকুতি জানান। তবে আদালত তার এ প্রস্তাব নাকচ করে দেন।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে। ওই মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ১২ বছর বয়সী ছাত্রীকে মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে ভয়ে শিশুটি ঘটনাটি গোপন রাখে। একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরবর্তী সময়ে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নেওয়া হলে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।

চাঞ্চল্যকর এ ঘটনা প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। ঘটনার ছায়াতদন্ত শুরু করে তৎকালীন র‍্যাব-১৪। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মামলার প্রধান আসামি শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।

মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম চলার মধ্যেই গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ভুক্তভোগী শিশুটি। পরে আদালতের নির্দেশে সিআইডির একটি দল নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠায়। পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদনে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়।

ডিএনএ রিপোর্টের অকাট্য বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে তদন্তকারী কর্মকর্তা মদন থানার সাব-ইনস্পেক্টর (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন