৯ আশ্বিন ১৪৩৩ , সেপ্টেম্বর ২৫, ২০২৬

ক্যানসার নিয়েই কাজে ফিরছেন দীপিকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ক্যানসার নিয়েই কাজে ফিরছেন দীপিকা

ছবি: সংগৃহীত

ক্যানসারের মতো মারাত্মক রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার পরেও কাজের দুনিয়ায় ফিরে আসার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর।

অসুস্থতা যে তার অদম্য ইচ্ছাশক্তির পথে বাধা হতে পারে না, তা আরও একবার প্রমাণ করলেন তিনি। সম্প্রতি নিজের ভ্লগে এই খুশির খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘমেয়াদী বা প্রতিদিনের ধারাবাহিকে এই মুহূর্তে কাজ করা সম্ভব নয় দীপিকার পক্ষে। চিকিৎসাধীন অবস্থায় বড় কোনো প্রজেক্ট নেওয়া ঝুঁকিপূর্ণ ও অবাস্তব বলেই মনে করেন তিনি।

তবে থেমে না থেকে তিনি বেছে নিয়েছেন একটি মিউজিক ভিডিওর কাজ, যেখানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন স্বামী শোয়েব ইব্রাহিম। অভিনেত্রীর মতে, একদিনের শুটিং হওয়ায় এই কাজটি তার পক্ষে সামলানো সহজ হবে।

২০২৫ সালে লিভার ক্যানসার ধরা পড়ার পর থেকেই জীবনের অন্যতম কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছেন দীপিকা। দ্বিতীয় স্টেজে থাকা অবস্থায় তার অস্ত্রোপচার হয় এবং পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ফের সিস্ট ধরা পড়ায় দুটি অস্ত্রোপচার ও ইমিউনোথেরাপির মধ্য দিয়ে যেতে হয় তাকে।

চিকিৎসার নানা পার্শ্বপ্রতিক্রিয়া এবং শারীরিক দুর্বলতা সত্ত্বেও তিনি দমে যাননি। নাচের মহড়ায় একটানা দাঁড়াতে বা নাচতে না পারায় প্রতি ১০ মিনিট অন্তর তাকে বিশ্রাম নিতে হয়েছে, তবুও সমস্ত প্রতিকূলতা পেরিয়ে সফলভাবে শুটিং সম্পন্ন করেছেন তিনি। নতুন এই কাজটি নিয়ে দীপিকার মনে রয়েছে দারুণ উচ্ছ্বাস, যা তার অনুরাগীদেরও নতুন করে অনুপ্রাণিত করছে।

আরও পড়ুন