১৬ আশ্বিন ১৪৩৩ , অক্টোবর ২, ২০২৬

আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ নেই: এ্যানি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩:৪৮, ২ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ নেই: এ্যানি

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের শাসনামলে আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণেই দলটি আজ নিষিদ্ধ ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কিংবা রাজনৈতিক পুনর্বাসনের কোনো সুযোগ নেই।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সরকার ও দলীয় নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলগুলোর প্রতি ধৈর্য ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, দীর্ঘদিনের জটিলতা ও প্রশাসনিক অরাজকতা অল্প সময়ে পুরোপুরি দূর করা সম্ভব নয়। ছয় মাসের মতো স্বল্প সময়ে পুরো ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা বাস্তবসম্মত নয়।

তিনি বলেন, ‘এই সময়ে ধৈর্য না ধরে কথায় কথায় রাজপথে মিছিল, লংমার্চ কিংবা রোডমার্চের মতো কর্মসূচি দেওয়া দায়িত্বশীল রাজনীতির পরিচয় নয়। বর্তমান পরিস্থিতির সঙ্গেও এসব কর্মসূচি সামঞ্জস্যপূর্ণ নয়।’

দত্তপাড়া ইউনিয়ন মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ও পরিচিতি সভায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। একপর্যায়ে সভাটি নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন।

এ ছাড়া তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্বের বিকাশ ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন মহিলা দলনেত্রী ছকিনা বেগম, তাজনেহার বেগম, নাজমুন নাহার ও রাবেয়া বেগমসহ স্থানীয় নারী নেত্রীরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন