১৬ আশ্বিন ১৪৩৩ , অক্টোবর ২, ২০২৬

শাকিবের নতুন সিনেমা ‘মহব্বত’, নায়িকা কি পাকিস্তানি?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০:২২, ২ অক্টোবর ২০২৬

শাকিবের নতুন সিনেমা ‘মহব্বত’, নায়িকা কি পাকিস্তানি?

ছবি: সংগৃহীত

আবারও শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণে ফিরছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত পরিচালক হিমেল আশরাফ। তার নতুন সিনেমার নাম ‘মহব্বত’।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে হিমেল আশরাফের এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

জানানো হয়েছে, ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ঘোষণার পর থেকেই ‘মহব্বত’ নিয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে শাকিব খানের বিপরীতে নায়িকা কে হচ্ছেন, সেই প্রশ্ন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সিনেমাটিতে পাকিস্তানের জনপ্রিয় কোনো অভিনয়শিল্পীকে দেখা যেতে পারে—এ বিষয়টি অনেকটাই নিশ্চিত।

সিনেমাটির নায়িকা হিসেবে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশানের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তাও চলছে বলে জানা গেছে। পাশাপাশি ভারতের দুজন জনপ্রিয় নায়িকার নামও বিবেচনায় রাখা হয়েছে। তবে শেষ পর্যন্ত কার সঙ্গে চুক্তি হচ্ছে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নায়িকা নির্বাচন নিয়ে পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান আপাতত বিস্তারিত কিছু জানাতে রাজি নন। তারা জানিয়েছেন, খুব শিগগির আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম প্রকাশ করা হবে। ফলে আলোচনায় থাকা নামগুলোর মধ্য থেকে শেষ পর্যন্ত কে শাকিবের বিপরীতে অভিনয় করছেন, তা জানতে অপেক্ষা করতে হচ্ছে সেই ঘোষণার।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র জানিয়েছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী শুটিং শেষ করে ২০২৭ সালের মে মাসে ঈদুল আজহা উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি রয়েছে।

শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনানের জুটির আগের দুই সিনেমাতেও ভিনদেশি অভিনয়শিল্পীদের দেখা গেছে। তাঁদের প্রথম সিনেমা ‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটির মাধ্যমে বাংলাদেশি দর্শকদের মধ্যে পরিচিতি পান তিনি। পরে কলকাতায় জিৎ ও দেবের বিপরীতেও অভিনয় করেছেন ইধিকা।

এই ত্রয়ীর দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’-এ শাকিবের বিপরীতে ছিলেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। সেই ধারাবাহিকতায় ‘মহব্বত’-এও ভিনদেশী কোনো অভিনয়শিল্পীকে দেখা যেতে পারে। তবে এবার পাকিস্তানের কোনো জনপ্রিয় নায়িকা শাকিবের বিপরীতে থাকছেন কি না, সেটিই দর্শকদের কৌতূহলের বড় বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুন