২৩ আশ্বিন ১৪৩৩ , অক্টোবর ৯, ২০২৬

ইনজুরি থেকে ফিরে নেইমারের জোড়া গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২:০৭, ৯ অক্টোবর ২০২৬

ইনজুরি থেকে ফিরে নেইমারের জোড়া গোল

ছবি: সংগৃহীত

দুই গোলে এগিয়ে থেকেও জয় পাওয়া হলো না ফ্ল্যামেঙ্গোর। ম্যাচের শেষ দিকে নেইমারের জোড়া গোলে ব্রাজিলিয়ান সিরি আ লিগে সান্তোসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শীর্ষে থাকা দলটি। এই ড্রয়ে শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাল ফ্ল্যামেঙ্গো।

শুক্রবার (০৯ অক্টোবর) ভিলা বেলমিরোতে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফ্ল্যামেঙ্গো। ৪৩ মিনিটে দানিলোর গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ান লুকাস পাকেতা। দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক সান্তোস।

ম্যাচের শেষ ভাগে বদলে যায় দৃশ্যপট। চোট কাটিয়ে মাঠে ফেরা নেইমার ৮২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন। ছয় মিনিট পর আরেকটি পেনাল্টি থেকে গোল করে সান্তোসকে সমতায় ফেরান ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। ফলে শেষ মুহূর্তে জয় হাতছাড়া হয় ফ্ল্যামেঙ্গোর।

ডান ঊরুর পেশিতে চোট পাওয়ায় প্রায় এক মাস মাঠের বাইরে ছিলেন নেইমার। গত ২ সেপ্টেম্বর পালমেইরাসের বিপক্ষে ম্যাচে চোটে পড়ার পর সান্তোসের ছয়টি ম্যাচে খেলতে পারেননি তিনি।

এই ড্রয়ের পর ৬১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ফ্ল্যামেঙ্গো। তাদের পেছনে থাকা পালমেইরাসের সঙ্গে ব্যবধান মাত্র এক পয়েন্ট। অন্যদিকে ৪২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে সান্তোস।

আরও পড়ুন