২৩ আশ্বিন ১৪৩৩ , অক্টোবর ৯, ২০২৬

রাফিনিয়াকে নিয়ে বড় ধাক্কা খেল বার্সেলোনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০:৫৮, ৯ অক্টোবর ২০২৬

রাফিনিয়াকে নিয়ে বড় ধাক্কা খেল বার্সেলোনা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিরতির সময় পাওয়া চোটের কারণে রাফিনিয়াকে নিয়ে আশঙ্কায় ছিল বার্সেলোনা। এবার তাদের কোচ হান্সি ফ্লিক নিশ্চিত করলেন, কাতালান জায়ান্টরা পরের দুটি ম্যাচে ব্রাজিলিয়ান তারকাকে পাবে না।

বার্সা কোচ জানিয়েছে, ঊরুর চোট থেকে সেরে উঠতে রাফিনিয়ার সময় লাগবে। ২৯ বছর বয়সী ফরোয়অর্ড শনিবার গেতাফের বিপক্ষে লা লিগা ও মঙ্গলবার গ্যালাতাসারেইর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন না। যদিও ফ্লিক জোর দিয়ে বলেছেন, সমস্যা গুরুতর নয়।

গত ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচে চোট পান রাফিনিয়া। ৪-২ গোলে সেলেসাওদের জেতা ম্যাচে হাফটাইমে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

পরে দলের ট্রেনিং ক্যাম্প থেকে নাম প্রত্যাহার করে নেন রাফিনিয়া। ভারতের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে ছিলেন না তিনি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানায়, স্বাস্থ্য পরীক্ষায় ডান ঊরুর পেছনে পেশির টিস্যুতে হালকা ফোলা দেখা গেছে।

ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে ফ্লিক জানালেন, পূর্বসতর্কতা হিসেবে রাফিনিয়াকে আপাতত বাইরে রাখা হচ্ছে। জার্মান কোচ বলেন, ‘ছবিতে কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু এটা বড় ইনজুরি নয়।’

ফ্লিক রাফিনিয়ার ইনজুরির ইতিহাসের কথা তুলে ধরে জানান, গত মৌসুমে একই জায়গায় তিনটি সমস্যায় পড়েছিলেন ব্রাজিলিয়ান তারকা।

এর আগে মার্চে ব্রাজিলের জার্সিতে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোট পান রাফিনিয়া। এপ্রিলে ছয় ম্যাচ খেলতে পারেননি। গ্রীষ্মের বিশ্বকাপেও সমস্যায় পড়েন তিনি। 

রাফিনিয়াকে না পাওয়া বার্সেলোনার জন্য বড় ধাক্কা। মাত্র আট ম্যাচ খেলে ১৪ গোল ও তিন অ্যাসিস্টে ক্লাবের প্রাণভোমরা হয়ে উঠেছেন তিনি।

বার্সেলোনা প্রথম সাত ম্যাচ জিতে লা লিগায় পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে। আগামী ২৫ অক্টোবর প্রথম এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই ম্যাচেই রাফিনিয়াকে পাওয়ার আশা। ফ্লিকের বিশ্বাস, ২৯ বছর বয়সী ফরোয়ার্ডের সেরে ওঠার প্রক্রিয়া ভালোভাবে শেষ হবে এবং গতবারের মতো দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে না তাকে।

আরও পড়ুন