২৭ আশ্বিন ১৪৩৩ , অক্টোবর ১৩, ২০২৬

বিশ্ববাজারে কমল তেলের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০:৪১, ১৩ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে কমল তেলের দাম

ছবি: সংগৃহীত

টানা মূল্যবৃদ্ধির পর আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কিছুটা কমেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা ০.৫৭ শতাংশ কমে ১০৬.০৪ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৩.২৭ ডলারে।

এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে দুই ধরনের তেলের দামই প্রায় ২ ডলার বেড়েছিল। সেদিন ব্রেন্ট ক্রুডের সমাপনী দর ছিল ব্যারেলপ্রতি ১০৬.৬৫ ডলার, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির চাপ তৈরি করছে। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চলে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে বাজারে তার প্রভাব পড়তে পারে।

অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে কিছুটা স্বস্তি তৈরি করছে। সরবরাহ বাড়ার প্রত্যাশা তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা কমাতে ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন