অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫:৩৮, ১৩ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতানে রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে মুলতানের শের শাহ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য স্থানীয় নিশতার হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। পুলিশের প্রাথমিক তথ্য বলছে, রেহমান বাবা এক্সপ্রেস করাচি থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, লাইনচ্যুত ১৪টি বগির মধ্যে ১৩টির উদ্ধারকাজ শেষ হয়েছে। বাকি বগিটিতে উদ্ধার অভিযান চলছিল। আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা এবং দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে এক যাত্রী সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনার আগে রোহরির কাছে ট্রেনের নবম বগির নাট-বল্টু মেরামত করেছিলেন রেলকর্মীরা। তবে ওই মেরামতের সঙ্গে দুর্ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পাওয়ার পর পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আহত যাত্রীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি উদ্ধার অভিযান দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।
একই সঙ্গে আহত ব্যক্তিরা যেন দ্রুত সর্বোত্তম চিকিৎসা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।