১১ আশ্বিন ১৪৩৩ , সেপ্টেম্বর ২৭, ২০২৬

এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১:২২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি

ছবি: সংগৃহীত

ইতালির সিসিলি দ্বীপের মাউন্ট এতনা আগ্নেয়গিরি আবারও অগ্ন্যুৎপাত শুরু করেছে। এতে প্রায় ৪ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের কুণ্ডলী ছড়িয়ে পড়ায় বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং কাতানিয়া বিমানবন্দরে আগমনকারী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

অগ্ন্যুৎপাতের কারণে সিসিলির আকাশসীমার সি-১ সেক্টর বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে অবতরণ ও উড্ডয়ন—উভয় ক্ষেত্রেই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কাতানিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নেয় ছাইয়ের কারণে স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত সব আগমনকারী ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। পুরোপুরি স্থগিতের আগে নিরাপত্তার স্বার্থে প্রতি ঘণ্টায় ১২টির পরিবর্তে সর্বোচ্চ চারটি বিমান অবতরণের অনুমতি দেওয়া হচ্ছিল।

এ পরিস্থিতিতে আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে পাঁচটি ফ্লাইট পালের্মো, তিনটি ত্রাপানি এবং দুটি কোমিসো বিমানবন্দরে পাঠানো হয়। এছাড়া ভোলোতিয়া এয়ারের একটি ফ্লাইটও কোমিসোতে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি মাউন্ট এতনা। প্রায়ই অগ্ন্যুৎপাত হলেও এবারের ছাইয়ের মেঘ বিমান চলাচলের জন্য ঝুঁকি তৈরি করায় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন