অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪:৩৪, ১০ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন করে পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সাজার বিরুদ্ধে আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ অনুযায়ী কাউকে পাসপোর্ট দেওয়া হয়। এ ক্ষেত্রে আদেশটির ৬ ও ৭ নম্বর অনুচ্ছেদ বিশেষভাবে প্রাসঙ্গিক।
তিনি বলেন, ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হলে এবং সেই দণ্ডের মেয়াদ কমপক্ষে দুই বছর হলে পাসপোর্ট কর্তৃপক্ষ তাকে পাসপোর্ট দিতে পারবে না। অন্যদিকে, ৭ নম্বর অনুচ্ছেদে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিলের বিধান রয়েছে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ধরনের অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের আওতাভুক্ত। ফলে আইন অনুযায়ী সরকার তার পাসপোর্ট বাতিল করেছে।
তিনি বলেন, পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ৬ নম্বর অনুচ্ছেদের এ, বি, সি ও ই উপধারা সমন্বিতভাবে বিবেচনা করলে দেখা যায়, দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই।