অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩:৪৮, ১০ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ শুরু হয়। প্রথমে বিপুলসংখ্যক নেতা-কর্মী লগি-বৈঠা নিয়ে সেখানে জড়ো হন। পরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও এতে যোগ দেন। পরে লগি-বৈঠা নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে তারা টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঠানো হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এর আগে, ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে সোমবার রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটান। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ছাড়া শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। একই রাতে কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবরও পাওয়া যায়।
এসব ঘটনায় গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, সোমবার রাতে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।