২৫ কার্তিক ১৪৩৩, নভেম্বর ১০, ২০২৬

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪:৪৬, ১০ নভেম্বর ২০২৬

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন

ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির একটি দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার কলমা ইউনিয়নের আজিজপুর বাজারে অবস্থিত ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কার্যালয়ের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে আগুন দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, রাতের আঁধারে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

আরও পড়ুন