২৫ কার্তিক ১৪৩৩, নভেম্বর ১০, ২০২৬

নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪:১৪, ১০ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের আগুন

ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বগিটির চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ট্রেনের গার্ড ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে এ ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় হাওর এক্সপ্রেস।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থামার পর যাত্রীরা নেমে যান। এ সময় গার্ড ও অন্যান্য কর্মীরাও খাবার খেতে বাইরে যান। ফলে ট্রেনটি ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন ধরিয়ে দেয়। হঠাৎ আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে গার্ড ও কর্মীরা দ্রুত ফিরে এসে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

স্টেশন মাস্টার আরও জানান, স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে থাকা ‘ড’ বগিতে আগুন দেওয়া হয়। ওই স্থানটি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত নয়। আগুনে বগিটির ৫ ও ৬ নম্বর এবং ১১ ও ১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে একটি বগির চারটি আসন পুড়ে যায়। পরে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান।

তিনি আরও বলেন, আগুন লাগানো বগিটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন