২৫ কার্তিক ১৪৩৩, নভেম্বর ১০, ২০২৬

পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০:৪৫, ১০ নভেম্বর ২০২৬

পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

ছবি: সংগৃহীত

ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা কালাচাঁন শেখ (৩৪) নামে এক চালক ধোঁয়ায় শ্বাসকষ্টে মারা গেছেন।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁন শেখ শহরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা লোকাল বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন শেখ। আগুনের ধোঁয়ায় বাসের ভেতরে শ্বাসকষ্ট শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত আনুমানিক ৩টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

আরও পড়ুন